চুয়াডাঙ্গায় কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের মধ্যে টাকা ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। শনিবার শহরের সারা ভবনে বহুমুখী মানবকল্যাণ সংস্থার কার্যালয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে টাকা ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুস সালাম।
ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন সংস্থার নির্বাহী চেয়ারম্যান আহমেদ পিপুল, ডা. সাইফুল্লাহ রাসেল, সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক শহীদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সাংবাদিক জেসমিন জাহান মুন ও ড.সাইফুল হক।
এছাড়া বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি।
বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারায় নিয়ে এসে কর্মক্ষম করার প্রধান লক্ষ্য প্রধানমন্ত্রীর। সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এই কারণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারেন। এ পর্যন্ত সংস্থাটি ৫ জেলায় ৫ হাজার ২০০ জন প্রশিক্ষণার্থীকে কম্পিউটার ও ড্রাইভিং কোর্সের প্রশিক্ষণ দিয়েছে।