খুলনা বিভাগে আরও ১২ জনের মৃত্যু

0

খুলনা ব্যুরো॥ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ২৭৬ জন। এর আগে ২৩ আগস্ট খুলনা বিভাগে ১০ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ৩৭৯ জনের।খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে যশোর ও ঝিনাইদহে তিন জন করে মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা ও কুষ্টিয়ায় দুই জন করে এবং চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন। করোনা সংক্রমণের শুরু থেকে ২৪ আগস্ট সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় এক লাখ সাত হাজার ২২০ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন দুই হাজার ৯৪১ জন। সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৭২১ জন। খুলনা সিভিল সার্জন অফিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে নড়াইলের লোহাগড়ার আলী হোসেন (৫৫) এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে খালিশপুর মুজগুন্নির হামিদা বেগমের (৬৬) মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় খুলনায় ৪৫২টি নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৫ শতাংশ।
এদিকে, নগরীর পাঁচ হাসপাতালে করোনা ইউনিটের প্রায় তিন চতুর্থাংশ বেড এখন খালি পড়ে আছে। খুলনায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তিনটি সরকারি হাসপাতালের পাশাপাশি দুটি বেসরকারি হাসপাতালে করোনা ইউনিট খোলা হয়। এই পাঁচটি হাসপাতালে ৫৬৫টি বেডের ব্যবস্থা হয়। তারপরও করোনা রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। কিন্তু সম্প্রতি অনেকটা বদলে গেছে প্রেক্ষাপট। মঙ্গলবার সকালে পাঁচটি হাসপাতালে মোট রোগী আছেন ১৪৯ জন। খুলনা ২০০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে এখন রোগী ভর্তি রয়েছেন ৭৮ জন। শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে ৪৫ বেডের মধ্যে খালি আছে ২০টি। খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৮০ বেডের মধ্যে পাঁচটিতে রোগী আছেন। গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৫০ বেডের মধ্যে ১২টিতে রোগী আছেন। সিটি মেডিক্যালের ৯০ বেডের মধ্যে ২৯টিতে রোগী আছেন। বাকিগুলো খালি আছে।