খুলনায় ভৈরব নদ থেকে চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার

0

খুলনা ব্যুরো ॥ খুলনায় ভৈরব নদের চরেরহাট থেকে ভাসমান অবস্থায় এক চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরের দিকে খালিশপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। চীনা প্রকৌশলীর নাম ওয়াং সিয়াও খুই (৪৪)।
তিনি খালিশপুরে খুলনার নিউজপ্রিন্ট মিল অভ্যন্তরে নির্মাণাধীন ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। খালিশপুর থানা পুলিশের ইনস্পেক্টর (তদন্ত) নিমাই মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান, স্থানীয় লোকজন গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল-গিয়াস জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কোম্পানি থেকে চুল কাটার জন্য বের হয়ে তিনি আর ফিরে যাননি। এ নিয়ে শুক্রবার সংশ্লিষ্ট থানায় একটি জিডিও করা হয়েছে। তবে কী কারণে তিনি মারা গেছেন এটি এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে স্পষ্ট নয়। প্রকৃত ঘটনা জানতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে বলে তিনি জানান।