খুলনায় বিএনপির ১২ নেতা-কর্মী আটক

0

খুলনা ব্যুরো॥ রাজধানীতে বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে খুলনায় বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মীকে গ্রেফতারের অভিযোগ ওঠেছে। খুলনা বিএনপি বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
গ্রেফতাররা হলেন- খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি জিয়াউর সরদার, জামিরা ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল্লাহ খান, রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এসএম বোরহান উদ্দিন, ৪নং টিএসবি ইউনিয়ন যুবদল নেতা মো. সাগর সরদার, বটিয়াঘাটা উপজেলা যুবদল নেতা শাহারিয়ার আলম বাপ্পী খান, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা আখতার শেখ, তেরখাদা উপজেলা বিএনপির সহসভাপতি লস্কর আবুল কালাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবির, ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আশরাফুল, খর্নিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাসেম মেম্বার, কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আলম ও দিঘলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রাজু আহম্মেদ।
খুলনা বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব মিজানুর রহমান মিলটন বলেন, মঙ্গলবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। মূলত রাজধানীতে মহাসমাবেশে না যেতে বিএনপির মধ্যে ভীতি সৃষ্টির জন্যে তাদের গ্রেফতার করা হয়েছে।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, সমাবেশকে কেন্দ্র করে কোন গ্রেফতার চালানো হচ্ছে না। যদি কেউ গ্রেফতার হয়ে থাকেন তবে অন্য কোন মামলার আসামি হিসেবে গ্রেফতার হতে পারেন। কোনো বিশেষ অভিযান চলছে না।