খুলনায় নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর আঞ্চলিক প্রধানসহ চার সদস্য গ্রেফতার

0

খুলনা ব্যুরো ॥ খুলনায় নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর আঞ্চলিক প্রধান আনিসুর রহমান রুহুল আমিন রকি (৩৬)সহ সংগঠনের চার সদস্যকে গ্রেফতার করেছে পুৃলিশ। শনিবার রাতে নগরীর হরিণটানা থানার খানজাহান নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ল্যাপটপ, ৬টি মোবাইল ফোন, ২টি পেনড্রাইভ, একটি এটিএম কার্ড এবং হিযবুত তাহরীর সংশ্লিষ্ট বইয়ের ১০টি প্রিন্ট কপি জব্দ করা হয়েছে।
রোববার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হেডকোয়ার্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ কমিশনার মোজাম্মেল হক। গ্রেফতার অন্য তিনজন হলেন, হিজবুত তাহরীর সদস্য শাকিল আহম্মেদ (২৬), রিজভী আজিম খান (২৭) ও মেহেদী হোসেন সালিত (২৪)।
পুলিশ কমিশনার মোজাম্মেল হক বলেন, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম শনিবার দিবাগত রাতে নগরীর হরিণটানা থানার খানজাহান নগর এলাকা থেকে হিজবুত তাহরীর খুলনা অঞ্চলের প্রধান আনিসুর রহমান রুহুল আমিন রকিসহ চারজন সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে চারটি ল্যাপটপ, ৬টি মোবাইল ফোন, ২টি পেনড্রাইভ, একটি এটিএম কার্ড এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘হিযবুত তাহরীর সংশ্লিষ্ট বইয়ের ১০টি প্রিন্ট কপি জব্দ করা হয়। আটকের পর জব্দ করা ইলেকট্রনিক ডিভাইস বিশ্লেষণ ও আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর সঙ্গে জড়িত আরও অনেকের নাম পাওয়া গেছে। তদন্তের স্বার্থে আপাতত তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। তাদের বিরুদ্ধে নগরীর হরিণটানা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।