খুবির কনসার্ট থেকে মাদক উদ্ধার

0

 

খুলনা ব্যুরো॥ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১৮ ব্যাচের শিক্ষা সমাপনীর কনসার্ট অনুষ্ঠানে মাদকের ছড়াছড়ির ঘটনা ঘটেছে। এ সময় বহিরাগত এবং খুবি শিক্ষার্থীদের কাছ থেকে গাঁজা, ইয়াবা বিভিন্ন ধরনের মাদকসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় সাত শিক্ষার্থীকে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর শরীফ হাসান লিমন বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের সাত শিক্ষার্থীকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। শিক্ষার্থীরা হলেন- সৈয়দ জাফর সাদিক (এইচআরএম ১৮ ব্যাচ), তুফানুল সাদাত তাহা (এইচআরএম ১৮ ব্যাচ), জুবায়ের আহমেদ ইয়াসিন (ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ১৮ ব্যাচ), মিজানুর রহমান (আর্কিটেকচার ১৮ ব্যাচ), শীর্ষেন্দু মালাকার (বাংলা ১৮ ব্যাচ), বহ্নি শিখা চৌধুরী (১৮ ব্যাচ) ও সামিউল মুরাদ (সমাজবিজ্ঞান ১৬ ব্যাচ)। বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠান শনিবার ক্যাম্পাসের হাদি চত্বরে অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া কনসার্ট চলে রাত দেড়টা পর্যন্ত । এ সময় সঙ্গীত পরিবেশন করে নগরবাউল (জেমস), ওয়ারফেজ এবং আর্টসেল। কনসার্টে আসা বহিরাগত ও খুবি শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়। অর্ধশত বহিরাগতকে মাদকসহ আটক করে পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের হাতে হস্তান্তর করা হয়। এ সময় সবার নাম ঠিকানা রেখে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থীর কাছে মাদক পাওয়ার ঘটনায় সোমবার তাদের শোকজ করা হয়।