নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

0
জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনপ্রতিনিধিদের মাদকমুক্ত রাখতে এ রিটটি করা হয়।। ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের জন্য ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এসকে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত জাহান অমি জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার আর্জি জানিয়ে এই রিট পিটিশনটি দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

দায়ের করা রিট আবেদনে উল্লেখ করা হয়, কোনো মাদকাসক্ত ব্যক্তি যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, সে লক্ষ্যে বিদ্যমান নির্বাচনি বিধিমালা সংশোধন করা প্রয়োজন। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সংশোধন এনে সরকারি হাসপাতাল কিংবা কোনো স্বীকৃত (সার্টিফাইড) ল্যাবরেটরি থেকে প্রার্থীদের ডোপ টেস্টের সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করার দাবি জানানো হয়।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি পরিচালনা করেন রিটকারী আইনজীবী ইসরাত জাহান অমি নিজে। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, বর্তমানে বিদ্যমান নির্বাচনি আইন বা বিধিমালায় প্রার্থীদের মাদক পরীক্ষার বিষয়ে কোনো সুনির্দিষ্ট বাধ্যবাধকতা রাখা হয়নি।

তিনি আরও উল্লেখ করেন, দেশের সরকারি চাকরিজীবী বা পুলিশ সদস্যদের নিয়োগ প্রক্রিয়ায় ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হলেও জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে তা অনুপস্থিত। অথচ যারা দেশের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করবেন—তা সংসদ সদস্য হোক কিংবা স্থানীয় সরকারের জনপ্রতিনিধি—তাদের অবশ্যই শতভাগ মাদকমুক্ত এবং সুস্থ মানসিকতার (সাউন্ড মাইন্ড) হতে হবে।