খুলনায় মাছের ঘের থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

0

খুলনা ব্যুরো, লোকসমাজ : খুলনার রূপসা উপজেলার একটি মাছের ঘের থেকে মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মোমিনবাগ এলাকায় ফ্রেশ ফুডসের পেছনের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাপ্পি রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত আকবর শেখের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোরে মোমিনবাগ এলাকার একটি মাছের ঘেরে বাপ্পির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

রূপসা থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুস সবুর খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে দুর্বৃত্তরা বাপ্পিকে হত্যা করে মরদেহ মাছের ঘেরে ফেলে রেখে যায়।

তিনি বলেন, নিহতের ঘাড়ের ডান পাশে গুলির চিহ্ন এবং মাথায় গুরুতর আঘাতের আলামত পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।