খুলনা শিপইয়ার্ডে নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ পানিতে নামলো

0

খুলনা ব্যুরো, লোকসমাজ : নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডে (কেএসওয়াই) দেশীয় প্রযুক্তি ও নিজস্ব সক্ষমতায় পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য নির্মিত হয়েছে ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন টাগবোট ‘টিয়াখালী-৪’। সোমবার (২৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে টাগবোটটি পানিতে নামানো হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আব্দুল লতিফ। অনুষ্ঠানে কেএসওয়াই ও পায়রা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খুলনা শিপইয়ার্ড কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন দুটি টাগবোট নির্মাণ প্রকল্পের আওতায় দ্বিতীয় টাগবোট হিসেবে ‘টিয়াখালী-৪’ নির্মাণ করা হয়েছে।

সিঙ্গাপুরের নাভনটিক প্রাইভেট লিমিটেডের নকশায় এবং আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান ব্যুরো ভেরিতাসের (বিভি) তত্ত্বাবধানে টাগবোটটি নির্মাণ করা হয়েছে। এর দৈর্ঘ্য ৩৭ মিটার, পানিতে নিমজ্জিত অবস্থায় ধারণক্ষমতা ১ হাজার ১০০ টন এবং পানির নিচে নিমজ্জিত গভীরতা ৫ মিটার। টাগবোটটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩ দশমিক ৮ নট।

আধুনিক জেড-ড্রাইভ চালনা ব্যবস্থা সংযুক্ত টাগবোটটি পায়রা বন্দরে জাহাজ ভেড়ানো, জাহাজ ছাড়ানো, টেনে নেওয়া এবং জাহাজের দিক পরিবর্তন ও নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হবে।

টাগবোটটির অন্যতম গুরুত্বপূর্ণ সক্ষমতা হলো আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা। পাশাপাশি উদ্ধার কার্যক্রম, পানির নিচে জরিপ, উদ্ধার ও নিষ্কাশন কার্যক্রম এবং প্রতিকূল আবহাওয়ায় সমুদ্রে চলাচলের পাশাপাশি জাহাজের পাইলট পরিবহনের কাজেও এটি ব্যবহার করা যাবে।

খুলনা শিপইয়ার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক প্রযুক্তি, প্রকৌশল জ্ঞান ও দেশীয় দক্ষ জনবলের সমন্বয়ে নির্মিত ‘টিয়াখালী-৪’ দেশের জাহাজ নির্মাণ সক্ষমতার ক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য সংযোজন।