খালেদা জিয়ার সুস্থতা কামনায় মালয়েশিয়ায় ইফতার ও দোয়া মাহফিল

0

লোকসমাজ ডেস্ক॥মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট সোসাইটি ও বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ডক্টর ফয়জুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. ফয়জুল হকের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি অভিজাত রেস্তোরাঁয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রদল ঝালকাঠী জেলার সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ মাহমুদের অনুষ্ঠান পরিচালনায় ওই মাহফিলে সভাপতিত্ব করেন ড. ফয়জুল হক, প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর একেএম ওয়াহিদুজ্জামান।
প্রফেসর একেএম ওয়াহিদুজ্জামান বলেন, বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেছে, কিন্তু আজও আমরা গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, মানবাধিকার, বেঁচে থাকার অধিকার সঠিকভাবে পাইনি, শিক্ষা ব্যবস্থাসহ সকল দিকে আজ শুধুই হাহাকার, চিকিৎসা ব্যবস্থা জনকল্যাণমুখী নয়, এ ধরনের পরিস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নতুন করে বাংলাদেশকে গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে ড. ফয়জুল হক সকলের উদ্দেশে বলেন, বাংলাদেশের গণ মানুষের আস্থার একমাত্র ঠিকানা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বর্তমান সময়ে দেশের এই কঠিনতম মুহূর্তে দেশনেত্রীর সুস্থতাসহ দীর্ঘ হায়াত কামনা করছি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনি অবদান রেখেছিলেন, তেমনি দেশ ও গণতন্ত্রের মুক্তির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনকে বিলিয়ে দিচ্ছেন। আজ তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন, তাই আসুন আমরা তার রোগমুক্তি কামনা করি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাসাস মালয়েশিয়ার আহবায়ক আসাদুজ্জামান মাসুম, পিএইচডি গবেষক বুরহান উদ্দিন, ব্যবসায়ী জাহাঙ্গীর হাওলাদার, রাসেল রানা, গোলাম কবির ও ঝালকাঠী জেলার বিভিন্ন ব্যাবসায়ী নেতৃবৃন্দসহ প্রবাসীরা।