কলারোয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

কলারোয়া(সাতক্ষীরা)সংবাদদাতা ॥সাতক্ষীরার কলারোয়ায় কোহিনূর বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলার যুগিখালী ইউনিয়নের পাঁচনল গ্রামের সরকারপাড়ার স্বামী মাসুদের বসতঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
মৃত কোহিনূর বেগমের (২৬) ফাতেমা নামে ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাটি হয়। এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে মারপিট করে ভ্যান চালাতে বাড়ি থেকে বের হন। পরে বাড়ির লোকজন কোহিনূর বেগম ডাকাডাকি শুরু করেন। এ সময় কোন সাড়া না পেয়ে বাড়ির লোকজন তার ঘরের ভেতর থেকে তালাবদ্ধ থাকতে দেখেন। পরে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দীন মৃধা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হয়েছে। তবে ময়নাতদন্তের পর এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। মৃতের স্বামীর পরিবারের সবাই পলাতক রয়েছে। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও তিনি জানান।