এক দফা দাবিতে নার্সদের ৩ ঘণ্টা কর্মরিবতি

0

স্টাফ রিপোর্টার ।।৩ ঘণ্টার কর্মবিরতিতে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের দুর্ভোগে পড়তে হয়। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে গতকাল যশোরে নার্সরা ৩ ঘন্টা কর্মবিরতি পালন করে। আজ বুধবার সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত নার্সরা কর্মবিরতি পালন করবে।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত মহাপরিচালক এবং নার্সিং কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ ও সকল পদ গুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের দাবিতে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ আন্দোলন করছে।

কর্মবিরতি চলাকালে বেলা যশোর ২৫০ শয্যা হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে আন্দোলনকারীরা। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ সমাবেশ চলাকালে সংগঠনের যশোর জেলা কমিটির আহ্বায়ক মোসাম্মাৎ সালমা খানমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে। কর্মবিরতি চলাকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল রোগীদের সেবায় চরম সংকট সৃষ্টি হয়। হাসপাতালে এদিন ২শ৭৮ শয্যার বিপরীতে চিকিৎসাধীন ছিলেন ৭শ ৪৭ জন রোগী। কর্মবিরতি চলাকালে জরুরি সেবা দেয়ার জন্য স্কোয়ার্ড টিম গঠন করে আন্দোলনকারীরা। তবে স্কোয়ার্ড টিমে থাকা ২৫ জন নার্সের সেবা ছিল অপ্রতুল।

হাসপাতালের ওয়ার্ডে একদিকে বেড ছাড়া রোগীর দ্বিগুণ ভীড় তারপর নতুন রোগী ভর্তি এ নিয়ে জরুরি সেবায় নিয়োজিত সেবিকাদের সংকটে পড়তে হয়। আবার সময়মতো রোগীদের কাছে গিয়ে ওষুধ দিতে না পারলে চিৎকার, চেঁচামেচি শুরু করতে থাকে রোগী ও রোগীর স্বজনরা। এতে করে হাসপাতালের চিকিৎসা সেবা ভেঙে পড়ে।