উপশহরে প্রসাধন সামগ্রীর গুদাম থেকে মাদকদ্রব্য উদ্ধার, আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের উপশহর এলাকায় একটি প্রসাধনসামগ্রীর গুদামে গতকাল শনিবার অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ সময় গুদাম মালিক প্রসাধন সামগ্রী ব্যবসায়ী আব্দুর রহমান হাসুকে (৪২) আটক করা হয়েছে। তিনি সদর উপজেলার হাশিমপুর পূর্বপাড়ার মৃত আক্তারুজ্জামানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপ-পরিচালক আসলাম হোসেন জানান, দুপুর ১টার দিকে তাদের পরিদর্শক মো. লায়েক উজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে উপশহর ৭ নম্বর সেক্টরের জি-ব্লকের একটি বাড়ির নিচতলার ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের একটি গুদামে অভিযান চালান। গুদামের মালিক সিটি গোল্ড ও প্রসাধন সামগ্রী ব্যবসায়ী আব্দুর রহমান হাসু।

গুদাম থেকে ৩৭ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আব্দুর রহমান হাসুকেও আটক করা হয়। তিনি আরও জানান, আব্দুর রহমসান হাসু ভারত থেকে বিভিন্ন কসমেটিক্স পণ্য ও সিটি গোল্ডের গহনা দেশে নিয়ে এনে ব্যবসা করে থাকেন। এই ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের ব্যবসার সাথে জড়িত। আটক আব্দুর রহমান হাসুর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।