নড়াইলে ২০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

0

নড়াইল প্রতিনিধি, লোকসমাজ: নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের মৃত বালা শেখের ছেলে আশিক শেখ (৪০) এবং একই গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে অহিদুল ইসলাম শেখ (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলীর তত্ত্বাবধানে পুলিশের একটি দল অভিযান চালায়। এসআই এফ. এম. তারেক ও এএসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নড়াগাতী থানার ৯ নম্বর বাঐসোনা ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া গ্রামে আশিক শেখের বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাঁদের আটক করেন।

পরে তল্লাশি চালিয়ে তাঁদের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, মাদকমুক্ত নড়াইল গড়তে জেলা পুলিশ শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে কাজ করছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।