ঈদের টানা সাত দিনের ছুটি শেষ: আজ থেকে খুলল অফিস-আদালত ও ব্যাংক

0
কর্মস্থলে ফিরছেন মানুষ: আজ থেকে আবার সচল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি গতকাল রোববার শেষ হয়েছে। আজ সোমবার থেকে সরকারি অফিস-আদালত, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং অনেক বেসরকারি প্রতিষ্ঠান আবার খুলেছে। কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন।

গত ২৮ মে পশু কোরবানির মধ্য দিয়ে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। এ উপলক্ষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ছিল।

তবে অফিস খুললেই পুরোপুরি কর্মচাঞ্চল্য ফিরবে না বলে ধারণা করা হচ্ছে। নির্ধারিত ছুটির বাইরেও অনেকে অতিরিক্ত একাধিক দিন ছুটি নিয়ে থাকেন। ফলে প্রথম দু-এক দিন ছুটির আমেজই বজায় থাকে। সব মিলিয়ে আগামী সপ্তাহের রোববার থেকে পুরোদমে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরবে বলে মনে করা হচ্ছে।

এদিকে দীর্ঘ ছুটি শেষে দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকাসহ বিভিন্ন শহরে ফিরছেন কর্মজীবী মানুষ। এ কারণে বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশন এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। গতকাল দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঢাকায় ফেরা মানুষের উল্লেখযোগ্য ভিড় দেখা গেছে।