ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড পাচ্ছেন ইবি শিক্ষার্থীরা

0
ছবি: সংগৃহীত।

ইবি সংবাদদাতা॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্যে বিশ্ববিদ্যালয়ের লোগো ও ছবি সংবলিত বিশেষ কাস্টমাইজড কো-ব্র্যান্ডেড ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

রোববার (৭ জুন) থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া বাজার সাব-ব্রাঞ্চ থেকে শিক্ষার্থীরা এ কার্ড সংগ্রহ করতে পারবেন। শুক্রবার সাব-ব্রাঞ্চের ইনচার্জ ও সিনিয়র প্রধান কর্মকর্তা রবিউল ইসলাম সাংবাদিককে বিষয়টি নিশ্চিত করেন।

রবিউল ইসলাম বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মধ্যে অনলাইন ফি পেমেন্ট সংক্রান্ত একটি চুক্তি সম্পাদিত হয়েছে। এ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল কর্মকর্তা ও কর্মচারীর জন্যে ইসলামী ব্যাংকের বিশেষায়িত কো-ব্র্যান্ডেড কার্ড বিতরণ আগামী রোববার থেকে শুরু হবে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেখপাড়া বাজার উপশাখা থেকে কার্ডটি সংগ্রহ করা যাবে ও কার্ডের মাধ্যমে সকল ধরনের ব্যাংকিং সুবিধা পাওয়া যাবে। শুধুমাত্র শিক্ষার্থীদের জন্যে চার্জ ফ্রি থাকবে। এছাড়া অন্য সকলের জন্যে চার্জ প্রযোজ্য হবে।