খাজুরায় বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫০০ রোগী

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আবু রেজার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষে থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিনব্যাপি কর্মসূচিতে বিভিন্ন বয়সী ৫ শতাধিক নারী-পুরুষকে চিকিৎসাসেবা দিয়েছেন সার্জারি, হৃদরোগ, মেডিসিন, গাইনি, অর্থোপেডিক, চক্ষু, ডেন্টাল ও শিশু বিশেষজ্ঞসহ ১১ জন চিকিৎসক।

এদিন বিদ্যালয়ের সংরক্ষিত নিবন্ধন বুথে নিবন্ধনের পর সিরিয়াল অনুযায়ী চিকিৎসকের কাছে গিয়ে সমস্যার কথা জানিয়ে ব্যবস্থাপত্র নেন রোগীরা। এতে সার্বিক সহযোগিতা করেন দুর্দান্ত ২০০১ বন্ধুমহলের ৬০ জন বন্ধু।
সকালে ফিতা কেটে এ চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করেন, প্রয়াত ভূমি কর্মকর্তা আবু রেজার সহধর্মিনী হাসিনা বেগম।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি নাসির উদ্দীন, লেবুতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু, ওই স্কুলের শিক্ষক ও প্রয়াত আবু রেজার মেয়ে শাহানারা পারভীন, জামাতা হারুন-অর-রশিদ, ছেলে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাপাতালের সহকারী অধ্যাপক ডা. মহসীন আল নুরী, আবু রেজার বৌমা একই মেডিকেলের সহকারী অধ্যাপক ডা. নাজিফা তাবাসসুম, মেয়ে ঢাকা ডেন্টাল কলেজের ডা. জান্নাতুল ফেরদৌস মিতু, জামাতা গাজীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জন ডা. রেজাউল হক, দুর্দান্ত ২০০১ বন্ধুবহলের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমম্মেদ জনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।