ইবিতে ফের নবীন শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের অভিযোগ

0

ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক নবীন শিক্ষার্থীকে র‌্যাগ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তাহমিন ওসমান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ। বিষয়টি আমলে নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
লিখিত অভিযোগ সূত্রে জানান যায়, আমি তাহমিন ওসমান। বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। গত ২ সেপ্টেম্বর আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়। ক্লাস শেষে ২১-২২ শিক্ষাবর্ষের কিছু ভাই আমাকে জিমনেসিয়ামের পেছনে নিয়ে র‌্যাগিং দেয়। এ সময় আমাকে হাত-পা সোজা করে পরিচয় দিতে বলা হয়। এছাড়াও গালিগালাজ ও মানসিকভাবে হেনস্থা করা হয়। এছাড়াও ওইদিন সন্ধ্যায় আমাকে সাদ্দাম হোসেন হলের বিপরীতে নিয়ে বসেন। সেখানে আমাকে রাত ১০টা পর্যন্ত তারা আটকে রাখেন। এমনকি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। গত ৩ সেপ্টেম্বর ফের আমার সাথে খারাপ ব্যবহার করা হয়। সর্বশেষ ৫ সেপ্টেম্বর ফের জিমনেসিয়ামের পাশে নিয়ে আমাকে র‌্যাগ দেয়া হয়। র‌্যাগিংয়ের পর থেকে আমি মানসিকভাবে বিপর্যস্ত। ওই ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। অভিযোগপত্রে একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মিজানুর ইমন, আকিব, শুভ, পুলক ও সাকিবের নাম উল্লেখ করা হয়েছে।
এদিকে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও সদস্য হিসেবে ছাত্র উপদেষ্টা, আইন প্রশাসক, সহকারী প্রক্টর মিথুন বৈরাগী ও সদস্য সচিব হিসেবে আলীবদ্দীন খানকে দায়িত্ব দেয়া হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের ভেতরে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা রিপোর্ট পরবর্তীতে নেয়া হবে। আর ভুক্তভোগী শিক্ষার্থী নিরাপত্তা নিশ্চিতে একজন সহকারী প্রক্টরকে দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে ফুলপরী নামের নবীন শিক্ষার্থীকে নির্য়াতনের ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।