ইত্যাদি অনুষ্ঠানে প্রচারিত মাতৃভক্ত সেই বীরেন্দ্রনাথ মারা গেলেন গাছ থেকে পড়ে

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ ‘ইত্যাদি’ অনুষ্ঠানে প্রচারিত আলোচিত ব্যক্তি মোরেলগঞ্জের বীরেন্দ্রনাথ মজুমদার (৫৫) গাছ থেকে পড়ে মারা গেছেন। গত রোববার উপজেলার চণ্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ২০১৪ সালে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে চিরকুমার বীরেন্দ্রনাথের মাতৃভক্তি নিয়ে একটি সচিত্র প্রতিবেদন বিটিভিতে প্রচারিত হয়েছিল।

তার মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ‘মাতৃভক্ত পিতৃটান, সেই ছেলে হয় সাম্যবান’ শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের বানি বাস্তবে ঘটেছিলো মোরেলগঞ্জের পূর্ব চণ্ডিপুর গ্রামের বীরেন্দ্রনাথ মজুমদারের জীবনে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চিংড়াখালী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পূর্ব চণ্ডিপুর। এ গ্রামে বিপীন মজুমদারের ছোট ছেলে বীরেন্দ্রনাথ মজুমদার ছোট বেলা থেকেই পরোপকারী ও বিনয়ী ছিলেন। সংসারের অভাব যতই থাকুক না কেনো ভালবাসার কমতি ছিলো না কারও প্রতি তার।

মাতৃভক্ত বীরেন্দ্রনাথ মজুমদার অসুস্থ মাকে চিকিৎসার জন্য ১০ কিলোমিটার পায়ে হেটে ডালায় করে মাথায় উঠিয়ে জিয়ানগর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হয়েছিলেন ২০১৪ সালে। এ সংবাদটি বিটিভির আলোচিত ইত্যাদি অনুষ্ঠানের উপস্থাপক হানিফ সংকেতের নজরে আসে। ওই পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়ে ইত্যাদি অনুষ্ঠানে মাতৃভক্ত বীরেন্দ্রনাথ মজুমদারকে নিয়ে সম্প্রচার করেন।

চির কুমার সেই বিরেন্দ্র নাথ মজুমদার (৫৫) গত রোববার পূর্ব চণ্ডিপুর গ্রামে একটি নারিকেল গাছে উঠে পরিচর্যার কাজে থাকা অবস্থায় গাছ থেকে পড়ে মারা যান। এ নিয়ে ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক জীবনে বীরেন্দ্রনাথ মজুমদার চিরকুমার ছিলেন। বড় ভাই শ্যামল মজুমদার ভাইয়ের ছেলে মনি শংকর মজুমদার, ভাইয়ের মেয়ে দৃষ্টি প্রতিবন্ধী শংকরি মজুমদার একই পরিবারে বসবাস করছিলেন। সংসার জীবনে পেশায় একজন দিনমজুর (গাছি) ছিলেন। অসুস্থ বড় ভাই ও তার পরিবারও চলতো তার আয়ের ওপর।