যশোরে হেরোইনের মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

0
ছবি: জামাল হোসেন।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে হেরোইনের মামলায় জামাল হোসেন নামে একজন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক শাহিনুর রহমান এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত জামাল হোসেন বেনাপোল পোর্ট থানাধীন স্বরবাংহুদা গ্রামের জামাত আলী মোড়লের ছেলে। রায় ঘোষণার সময় আসামি জামাল হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৮ মার্চ শার্শা উপজেলার বাঁগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন এসআই শরীফ হাবিবুর রহমান পশ্চিম কোটা গ্রামের কালীবাড়ির মোড় এলাকায় অভিযান চালান। এ সময় তিনি সেখান থেকে জামাল হোসেনকে আটক করেন। পরে তার দেহে তল্লাশি চালিয়ে ৩টি প্যাকেটে রাখা ৩শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই শরীফ হাবিবুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেন। পরে মামলার তদন্ত শেষে আসামি জামাল হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন শার্শা থানা পুলিশের তৎকালীন এসআই মুরাদ হোসেন।

ওই মামলায় আসামি জামাল হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন।