বিএনপি বেহেশতের টিকিটের কথা বলে জনগণকে বিভ্রান্ত করে না : দেলোয়ার হোসেন খোকন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেছেন, বিএনপি বেহেশতের টিকিটের কথা বলে জনগণকে বিভ্রান্ত করে না। বিএনপি সব সময় জনগণের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে। যে রাজনৈতিক দল জনগণকে বেহেশতের প্রলোভন দেখায়, তারা জনগণকে কিছুই দিতে পারবে না। সে কারণে তারা বিভ্রান্তির পথ বেছে নিয়েছে।

সোমবার যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন কৃষক দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সদর উপজেলার কৃষক দলের আয়োজনে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে দেলোয়ার হোসেন খোকন আরও বলেন, সরকারের মাত্র চার মাস মেয়াদে জনগণের মুখে হাসি ফুটতে শুরু হয়েছে। বর্তমান কৃষিবান্ধব প্রধানমন্ত্রী তারেক রহমান অনুধাবন করেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সে কারণে তিনি কৃষক ও কৃষিখাতের উন্নয়নে বেশ কিছু যুগান্তকারী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে সীমাহীন অন্যায় অপকর্ম করেছে, বিএনপি কোনো দিন সেটি করবে না। কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্বৃত্তের জায়গা বিএনপিতে হবে না।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক(ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মকবুল হোসেন। কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক নাসির উদ্দীন নাসু। সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহসভাপতি আলাউদ্দিন আলা, জেলা কৃষক দলের সদস্য সচিব শিকদার সালাউদ্দিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আমিনুর রহমান মধু, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শামীম রেজা অর্ণব প্রমুখ।