যশোরের আশ্রম রোডে ফুটপাত দখল করে নির্মাণ বাড়ির সিঁড়ি উচ্ছেদ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের শংকরপুর আশ্রম রোডে রাস্তার কিছু অংশ ও ফুটপাত দখল করে রেলিং দিয়ে বাড়ির সিঁড়ি নির্মাণ করেছিলেন একজন আইনজীবী। এ বিষয়টি ব্যাপক আলোচিত হওয়ার পর সোমবার সেই সিঁড়ি ভেঙে দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের অভিযোগ, এ কে এম নুরুজ্জামান কাশেম নামে ওই আইনজীবী রাস্তার কিছু অংশ এবং জনসাধারণের চলাচলের ফুটপাত দখল করে নির্মাণাধীন দোতলা ভবনের সিঁড়ি নির্মাণ করেছিলেন। রেলিং দিয়ে সিঁড়ি করেন তিনি।

এ বিষয়টি এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তাছাড়া বিষয়টি ব্যাপক আলোচিত হয়। কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস পাননি।

এলাকার একটি সূত্র জানায়, সোমবার বেলা ১১টার দিকে পৌরসভা লোকজন এক গাড়ি পুলিশ সাথে করে সেখানে যান। এরপর পৌরসভার লোকজন আইনজীবীর সেই সিঁড়ি ভেঙে দেন। পৌর কর্তৃপক্ষ সিঁড়ি ভেঙে দেওয়ায় এলাকার লোকজন সন্তোষ প্রকাশ করেছেন।

পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ জানান, তারা ফুটপাত দখল করে আইনজীবীর বাড়ির সিঁড়ি নির্মাণের অভিযোগ পেয়েছিলেন। সোমবার তারা সেখানে গিয়ে সিঁড়ি ভেঙে দিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, আশ্রম রোড ও শংকরপুর ইসহাক সড়কের ফুটপাত দখল করে কয়েকজন ভাঙাড়ি ব্যবসায়ী তাদের মালামাল রেখে দিয়েছেন। যে কারণে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। পৌর কর্তৃপক্ষ এ বিষয়ে নজর দিবে বলে তারা আশা করছেন।