ইউনূস-নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন

হাম মহামারিতে শিশুমৃত্যু

0
হামের টিকা আমদানিতে অবহেলা ও শিশু মৃত্যুর অভিযোগ: ড. মুহাম্মদ ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ।। ছবি: সংগৃহীত

হাম ও রুবেলার টিকা যথাসময়ে আমদানি না করে দেশব্যাপী মহামারি সৃষ্টি এবং শিশুমৃত্যুর অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। সোমবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বাদী হয়ে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ২৭০, ৩০৪ ও ৩৪ ধারায় এই আবেদন করেন। আবেদন গৃহীত হবে কিনা সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ।

যাঁদের বিরুদ্ধে অভিযোগ

মামলায় অভিযুক্ত পাঁচজন হলেন — সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

অভিযোগের বিবরণ

মামলার আরজিতে বলা হয়, তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ইউনিসেফের মাধ্যমে নিয়মিত টিকা আমদানির প্রচলিত প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় টিকা আমদানির সিদ্ধান্ত নেওয়া হলেও দেড় বছর সময়ক্ষেপণ করা হয়, যার ফলে দেশে টিকার তীব্র সংকট দেখা দেয়।

আরজিতে আরও বলা হয়, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স গত ২০ মে গণমাধ্যমে জানান, হাম-রুবেলা টিকার সম্ভাব্য সংকটের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ৫ থেকে ৬টি চিঠির মাধ্যমে আগেই সতর্ক করা হয়েছিল। আমদানি প্রক্রিয়া বন্ধ না করার অনুরোধও জানানো হয়েছিল। কিন্তু অভিযুক্তরা সেই সতর্কবার্তায় কর্ণপাত করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মামলায় উল্লিখিত শিশুমৃত্যুর পরিসংখ্যান

মামলার আরজিতে দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৭৫ হাজার ৭০৮ শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয় এবং সরকারি তথ্যমতেই প্রায় ৬১০ শিশুর মৃত্যু হয়েছে। আরজিতে নির্দিষ্টভাবে কয়েকটি শিশুর মৃত্যুর বিবরণও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের মীরসরাইয়ের শিশু আবদুল্লাহ আল ফাহিম (মৃত্যু ২ জুন), ঢাকার হাসপাতালে আবদুল্লাহ আল নোমান (মৃত্যু ২২ মে) এবং ঢাকার হাসপাতালে ফাইয়াজ হাসান তাজিম (মৃত্যু ২২ এপ্রিল)।

বাদী আরও উল্লেখ করেন, বনানী থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করে আদালতে দায়ের করার পরামর্শ দেওয়ায় এই আবেদন করা হয়েছে। আবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও সর্বোচ্চ শাস্তির প্রার্থনা করা হয়েছে।