আইপিএলের বায়ো-বাবল লংঘনে হরেক শাস্তি

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতে করোনাভাইরাস মহামারি পরিস্থিতি নিম্নগামী। তারপরও আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বায়ো-বাবল থাকছে। আর এই বায়ো-বাবল লংঘন করলে অপেক্ষা করছে গুরুতর সব শাস্তি। জৈব সুরক্ষা বলয় ভাঙলে এবার কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। খেলোয়াড় ও টিম অফিসিয়ালরা করোনা প্রটোকল ভাঙলে এক ম্যাচ নিষেধাজ্ঞা থেকে শুরু করে সাত দিনের কোয়ারেন্টাইন, এমনকি টুর্নামেন্ট থেকে বহিষ্কারও করা হবে। আর খেলোয়াড় কিংবা ম্যাচ অফিসিয়ালের পরিবারের সদস্য এই বিধি ভাঙলে আরো গুরুতর শাস্তি ভোগ করতে হবে। আরো কঠোর শাস্তির বিধান থাকছে। কোনো দল যদি ইচ্ছাকৃতভাবে কোনো বহিরাগত ব্যক্তিতে দলীয় বাবলে ঢুকতে দেয় তাহলে প্রথমবারে এক কোটি রুপি জরিমানা করা হবে এবং পরে একই অপরাধ করলে দলের একটি বা দুটি পয়েন্ট কেটে নেওয়া হবে।
খেলোয়াড়, টিম অফিসিয়াল কিংবা ম্যাচ অফিসিয়াল প্রথমবার বায়ো-বাবল ভাঙলে অন্তত সাত দিনের কোয়ারেন্টাইন। ওই সময়ে যে কয়টি ম্যাচ মিস করবেন, তার জন্য বেতনও পাবেন না। একই অপরাধ দ্বিতীয়বার করলে কোয়ারেন্টাইন শেষে এক ম্যাচ নিষিদ্ধ হবেন। তৃতীয়বার লংঘন করলে স্কোয়াড থেকে বাকি মৌসুমের জন্য বহিষ্কার হবেন, তার স্থলাভিষিক্তও নেওয়া যাবে না। পরিবারের সদস্যরা বায়ো-বাবল ভাঙলে লংঘনকারীকে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর সংশ্লিষ্ট খেলোয়াড়, টিম অফিসিয়াল কিংবা ম্যাচ অফিসিয়ালকেও থাকতে হবে সাত দিনের কোয়ারেন্টাইনে, পাবেন না মিস করা ম্যাচের বেতন। খেলোয়াড় কিংবা সাপোর্টি স্টাফের সঙ্গে ইচ্ছা করে বাইরের কারো সঙ্গে যোগাযোগ করিয়ে দিলে প্রথমবারে ওই ফ্র্যাঞ্চাইজিকে দিতে হবে ১ কোটি রুপি জরিমানা। দ্বিতীয়বারে একই কাজ করলে পয়েন্ট কাটা হবে এবং তৃতীয়বারে দলটি হারাবে ২ পয়েন্ট। করোনা টেস্ট না করালে প্রথমবার সতর্ক করা হবে এবং পরেও অমান্য করলে ৭৫ হাজার রুপি করে জরিমানা করা হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। এছাড়া টেস্ট না করানো পর্যন্ত তাকে স্টেডিয়াম কিংবা ট্রেনিং ফ্যাসিলিটিতে প্রবেশ করতে দেওয়া হবে না। আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৫তম আসর, শেষ হবে ২৯ মে। ১০টি দল অংশ নিতে যাচ্ছে এবার।