বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

0
মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করার পর বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী।। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দলটির নবমনোনীত স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দীর্ঘ দিন ধরে দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা ও প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাঁকে এই পদের জন্য মনোনীত করা হয়েছে।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) বিএনপির মহাসচিব পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর পদত্যাগের পরপরই বিএনপি মহাসচিবের শূন্য পদে রুহুল কবির রিজভীকে দায়িত্ব প্রদান করা হয়।

এ সংক্রান্ত বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় গঠনতন্ত্রের ৭ (খ) ৬ ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই শূন্য হতে যাওয়া মহাসচিব পদে কে আসছেন, তা নিয়ে দলের অভ্যন্তরীণ রাজনীতিতে আলোচনা চলছিল। একাধিক জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত দীর্ঘদিনের পরীক্ষিত নেতা রিজভীর ওপরই আস্থা রেখেছে দলটির হাইকমান্ড।

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রিজভী দীর্ঘ দিন ধরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। বিশেষ করে বিগত সরকারগুলোর আমলে নানা প্রতিকূলতার মধ্যেও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়কেন্দ্রিক কার্যক্রম পরিচালনা, নিয়মিত সংবাদ সম্মেলন এবং তৃণমূলের সঙ্গে সমন্বয় রক্ষায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

উল্লেখ্য, ২০১১ সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রথমে ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরবর্তীতে ২০১৬ সালের কাউন্সিলে পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। রিজভীকেও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব থেকে পদোন্নতি দিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব করা হলো। দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরে বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হলে সেখানে পূর্ণাঙ্গ মহাসচিব চূড়ান্ত করা হতে পারে।