শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের ভাতা প্রদান: যশোরে আনন্দ র‍্যালি ও সমাবেশ

0
অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় যশোর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বের করা আনন্দ র‍্যালি।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার৷ ॥ দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ পুনরায় শুরু হওয়ায় যশোরে আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট যশোর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, “অতীতের ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের জমানো হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছিল। যে কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে চরম মানবেতর জীবনযাপন করে আসছিলেন।” তিনি উল্লেখ করেন যে, শিক্ষাবান্ধব সরকারের বিশেষ উদ্যোগে সারা দেশের ৭০ হাজারেরও বেশি শিক্ষকের অবসর ও কল্যাণ তহবিলের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে।

বক্তারা জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক সহযোগিতায় যশোর জেলায় সর্বোচ্চসংখ্যক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী এই সুবিধা পেয়েছেন। যশোরে মোট ২ হাজার ৭৯১ জন শিক্ষক-কর্মচারীর অনুকূলে ৮৭ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়। কোনো ধরনের হয়রানি বা ঘুষ লেনদেন ছাড়াই ডিজিটাল প্রক্রিয়ায় সরাসরি ব্যাংকের মাধ্যমে এই অর্থ পৌঁছে দেওয়া হয়েছে।

যশোর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি দেলোয়ার হোসেন খোকন।। ছবি: লোকসমাজ

দেলোয়ার হোসেন খোকন আরও যোগ করেন, “দেশের শিক্ষক সমাজ আজকে যে সুযোগ-সুবিধা ভোগ করছেন, তার সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে বেগম খালেদা জিয়া সেটি আরও প্রসারিত করেন। তাঁদের দেখানো পথ অনুসরণ করেই বর্তমান সরকার শিক্ষকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট যশোর জেলা শাখার সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন। সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান মধুর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা ফায়সাল রশীদ পান্নু, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইবাদত খান, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং জেলা শিক্ষক সমিতির সভাপতি রাজিব মাহমুদ।

সমাবেশ শেষে প্রেসক্লাব যশোরের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা মোড়ে গিয়ে শেষ হয়।