শিশু নির্যাতন ও বাল্যবিবাহ রোধে যশোরে শিক্ষক ও ম্যানেজমেন্ট কমিটির সভা

0
যশোরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিশুদের প্রতি সহিংসতা, জেন্ডারভিত্তিক নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটির ভূমিকা জোরদারের লক্ষ্যে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ শিশুদের প্রতি সহিংসতা, জেন্ডারভিত্তিক সহিংসতা বাল্যবিবাহ এবং অন্যান্য ক্ষতিকর চর্চা প্রতিরোধে শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির ভূমিকা জোরদার করার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে যশোর শহরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি ফ্রি এ গার্ল নেদারল্যান্ড ও জিম্যানের আর্থিক সহায়তায় এবং অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট উদ্যোগে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. সাইফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এস.এম. নজরুল ইসলাম বুলবুল। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের কো-অর্ডিনেটর উপস্থিত ছিলেন এস. এম. আহসান উল্লাহ সরকার।

সভায় বক্তারা বলেন, বিদ্যালয় শিশুদের নিরাপদ বিকাশ ও সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। বিদ্যালয়ে শিশুদের প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হয়রানি, বৈষম্য, জেন্ডারভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ এবং অন্যান্য ক্ষতিকর চর্চা প্রতিরোধে শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির সমন্বিত ভূমিকা প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে এস. এম. সাইফুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্বশীল ও সংবেদনশীল ভূমিকা পালন করতে হবে। কোনো শিশু সহিংসতা, হয়রানি বা নির্যাতনের শিকার হলে তার অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা ও সেবা নিশ্চিত করতে হবে। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যালয়, পরিবার ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক এ.এস.এম. নজরুল ইসলাম বুলবুল বলেন, বিদ্যালয়ে শিশুদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটিকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার্থীদের জন্য একটি সহিংসতামুক্ত, নিরাপদ ও শিশুবান্ধব শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় এসিডির প্রোজেক্ট কো-অর্ডিনেটর এস. এম. আহসান উল্লাহ সরকার শিশুদের প্রতি সহিংসতা, জেন্ডারভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ ও অন্যান্য ক্ষতিকর চর্চার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ শিশু শনাক্তকরণ, অভিযোগ গ্রহণ ও যথাযথভাবে রেফারেল, শিশুদের গোপনীয়তা রক্ষা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ক্ষেত্রে শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বিদ্যালয়ের শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং শিশু সুরক্ষা নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।