যশোরে দিনে-দুপুরে যুবককে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ছুরিকাঘাতে হত্যা

0
যশোরে দিনে দুপুরে যুবক হত্যা

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরে আল-আমিন (২৮) ওরফে পেরেক আলামিন নামে এক যুবককে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বারান্দীপাড়া লিচুতলা এলাকার একটি সেগুনবাগানে এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন যশোর শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। নিহতের পরিবারের দাবি, বন্ধুবেশী দুর্বৃত্তরা ফোন করে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান,আল-আমিনের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়েছে। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

স্বজনরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন পরিচিত ব্যক্তি আল-আমিনকে ফোন করে ডেকে নেয়। পরে তাকে লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা ঘটনাটি দেখলেও কেউ এগিয়ে আসেননি বলে পরিবারের অভিযোগ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের প্রথম স্ত্রী দাবি করেন, পেশায় স্বর্ণালঙ্কারের কারিগর আল-আমিনের তেমন কোনো শত্রু ছিল না। তবে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার পারিবারিক বিরোধ চলছিল। তার অভিযোগ, দ্বিতীয় স্ত্রীর প্রেমিক ও তার সহযোগীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।

যশোর কোতোয়ালি থানার পুলিশ জানায়, হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।