ডারউইনে ইতিহাস গড়ার পর টাইগারদের ভিডিও কল প্রধানমন্ত্রীর, জানালেন উষ্ণ অভিনন্দন

0
ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয়ের পর অধিনায়ক নাজমুল হোসেনদের সরাসরি ভিডিও কল করে অভিনন্দন ও শারীরিক খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: সংগৃহীত

ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক ৯ উইকেটের টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষ হওয়ার পর মাঠেই খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে সরাসরি যুক্ত হয়ে এই অভিনন্দন জানান তিনি।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে এমন স্মরণীয় জয় অর্জন করায় ক্রিকেটাররা এখন চারদিক থেকে পাওয়া প্রশংসায় ভাসছেন। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতে, দেশের ক্রিকেটে এটিই যেকোনো সংস্করণের সবচেয়ে বড় জয়। এই বিশেষ জয়ের পরপরই ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবালের ফোনে ভিডিও কল দেন প্রধানমন্ত্রী এবং পুরো দলের সঙ্গে কথা বলেন।

সংবাদ সম্মেলনে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথন প্রসঙ্গে অধিনায়ক নাজমুল জানান, “মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমাদের শরীরের কী অবস্থা, ওটারও খোঁজখবর রেখেছেন যে আমরা ভালো আছি কি না।”

চলতি শতাব্দীতে ভারতের পর এশিয়ার দ্বিতীয় দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারানোর বিরল কৃতি গড়েছে বাংলাদেশ। প্রায় পুরো ম্যাচজুড়েই দাপট বজায় রেখে অর্জিত এই স্মরণীয় সাফল্যের পর শুধু প্রধানমন্ত্রীই নন, ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন প্রশাসনের উচ্চপর্যায়ের অন্যান্য ব্যক্তিবর্গও।

অধিনায়ক নাজমুল হোসেন বলেন, “আমাদের বোর্ড সভাপতি ফোন করেছেন, অভিনন্দন জানিয়েছেন, উনি অনেক খুশি। পাশাপাশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও ফোন করেছিলেন, উনার সঙ্গে কথা হয়েছে। অভিনন্দন জানিয়েছেন।”

ঐতিহাসিক এই মুহূর্তের তাৎপর্য তুলে ধরে অধিনায়ক আরও যোগ করেন, “আমাদের এখানে এই মোমেন্টগুলো স্পেশাল ছিল, ভালো লেগেছে ও আমি খুশি যে সবাই আমাদের এই জয়টা উপভোগ করছেন এবং আমি মনে করি যে দেশের মানুষ অনেক খুশি।”