কুয়াদায় বিরোধীয় জমির স্থাপনা ভেঙে ফেলার অভিযোগ

0
ছবি: সংগৃহীত।

কুয়াদা (যশোর) সংবাদাতা ॥ যশোরের মনিরামপুর উপজেলার কুয়াদা বাজারের জামজামি মোড়ে শহীদ লুৎফর রহমান খোকনের স্মৃতিফলকের পাশের ৫০ শতক বিরোধীয় জমিতে নির্মাণাধীন ইটের গাঁথুনি ভেঙে দেওয়া হয়েছে।

কাকলি ঘোষ নামে এক নারী বৃহস্পতিবার সবার সামনে এ ঘটনা ঘটান বলে অভিযোগ। কাকলি ঘোষ জামজামি গ্রামের মৃত নিতাই চন্দ্র ঘোষের মেয়ে।

তিনি বলেন, জমিটির খতিয়ান নম্বর ৩৩৬ ও দাগ নম্বর ৩৭৪। ১৯৯৩ সালে কওছার আলী বিশ্বাসের স্ত্রী ফাতেমা বেগমের নামে ৫ হাজার ১০০ টাকায় জমিটি বায়না করা হয়। তিন মাসের মধ্যে বাকি টাকা পরিশোধের কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। পরে চুক্তি ও স্বাক্ষর নিয়ে বিরোধের জেরে ১৯৯৯ সালে এ নিয়ে মামলা হয়।

বর্তমানে জমিটি নিয়ে যশোর জজ কোর্টে মামলা চলমান। মামলার পরবর্তী তারিখ আগামী ১ অক্টোবর।কাকলি ঘোষ অভিযোগ করেন, ৫০ শতক জমির মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা নির্ধারণ করা হলেও মাত্র ৫ হাজার ১০০ টাকা দিয়ে বায়না করে কওছার আলী বিশ্বাস জমিটি ভোগদখলে রেখেছেন।

কাকলি ঘোষ বলেন, আমার বাবার মালিকানাধীন ৫০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও সেখানে নির্মাণকাজ করা হচ্ছিল। তাই আমি ঘটনাস্থলে এসে নির্মাণাধীন ইটের গাঁথুনি ভেঙে দিয়েছি। আমি এ বিরোধের অবসান চাই।

অন্যদিকে কওছার আলী বিশ্বাসের দাবি, ওই স্থানে একসময় একজন মুক্তিযোদ্ধার কবর ছিল। পরে মরদেহ সেখান থেকে সরিয়ে নেওয়ার পর থেকে তিনি জায়গাটি ভোগদখলে রেখেছি।

স্মৃতিফলকে লেখা রয়েছে ‘শহীদ স্মৃতি ফলক, স্বাধীনতা যুদ্ধের বীর সৈনিক শহীদ লুৎফর রহমান খোকন।’ ফলকটি ১৯৯৪ সালের ১৪ ডিসেম্বর তৎকালীন যশোর জেলা প্রশাসক ভূইয়া রফিউদিন আহমেদ উদ্বোধন করেন।