যশোরে ৪৪ চেকপোস্টে বিশেষ অভিযান: ৬২ মোটরসাইকেল আটক, মাদকসহ গ্রেফতার ৫

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর জেলা পুলিশের জেলা-ব্যাপী বিশেষ চেকপোস্ট অভিযানে ৬২টি মোটরসাইকেল আটক এবং ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) যশোর জেলার নয়টি থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং ট্রাফিক পুলিশ জেলার ৪৪টি স্থানে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় ১ হাজার ৪০০টিরও বেশি মোটরসাইকেল ও প্রাইভেটকার তল্লাশি করা হয়। এ সময় ৬২টি মোটরসাইকেল আটক করা হয় এবং সাতটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ১২ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা ও তিন পুরিয়া গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম পিপিএম (সেবা) জানান, জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ, কিশোর গ্যাং নির্মূল এবং মাদক ও সন্ত্রাসবিরোধী চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, ভবিষ্যতেও জেলার বিভিন্ন স্থানে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।