অভয়নগরে ক্লিনিকে প্রসূতির মৃত্যু অপারেশন থিয়েটার সিলগালা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে ফাতেমা প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর রত্না বেগম (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে অপারেশনের পর শনিবার ভোরে তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। এ ঘটনায় অপারেশন থিয়েটার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রত্না বেগম বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের আন্দুলবাড়ীয়া গ্রামের নাজমুল হোসেন মুরাঙ্গীর স্ত্রী। স্বজনরা জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে রত্না বেগমকে ফাতেমা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

টিউমারের সমস্যার থাকায় চিকিৎসকের পরামর্শে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ৯টার দিকে হাসপাতালের পরিচালক ও চিকিৎসক ডা. মনজুর মোর্শেদ তার অপারেশন করেন। পরে শনিবার ভোরে রত্না বেগমের মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ,অপারেশনের পর রত্না বেগমের অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তার পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। বিষয়টি চিকিৎসকদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি তারা। পরে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে অপারেশনকারী চিকিৎসক ডা. মনজুর মোর্শেদ বলেন, অপারেশন শেষে তিনি হাসপাতাল থেকে চলে যান। রোগীর রক্তচাপ কিছুটা বেড়েছিল। তার ধারণা, স্ট্রোকজনিত কারণেও মৃত্যু হয়ে থাকতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর মৃত্যুর পর প্রকৃত কারণ চিকিৎসা নথি অপারেশনের বিবরণ এবং সংশ্লিষ্ট চিকিৎসকের মতামত পর্যালোচনা করেই এর কারণ নির্ধারণ করা সম্ভব।

তবে মৃতের স্বজনরা চিকিৎসায় অবহেলা বা অপারেশন-পরবর্তী যথাযথ পর্যবেক্ষণের ঘাটতির অভিযোগ তুলে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান জানান, বিষয়টি আমি জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতের পরিবার অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এই ঘটনার পর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু অপরেশন থিয়েটার সিলগালা করে বন্ধ করে দিয়েছেন।