মাদক ব্যবসার আধিপত্যের দ্বন্দ্বে ককটেল হামলার অভিযোগ, যশোরের খোলাডাঙ্গায় আতঙ্ক

শামীম ও রোড বাচ্চু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল

0
মাদক ব্যবসার আধিপত্যের দ্বন্দ্বে ককটেল হামলা

স্টাফ রিপোর্টার, লোকসমাজ ॥ যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ব্যক্তির বাড়িতে ককটেল হামলার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, খোলাডাঙ্গা এলাকায় শামীম ও রোড বাচ্চু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জেরে শামীমের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়, রোড বাচ্চু, মেহেদী, অন্তর, কুটি, শাওন, বিপ্লব ও রাকিবসহ ১০ থেকে ১৫ জনের একটি দল হামলায় অংশ নেয়। এ সময় তারা বাড়ির সামনে ও আশপাশে পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “বোমা বিস্ফোরণের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। ওই এলাকায় একজন মাদক ব্যবসায়ীর সঙ্গে এলাকাবাসীর বিরোধ রয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।”

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খোলাডাঙ্গা এলাকায় অপরাধীদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রায়ই ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এর আগে ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় অশান্ত পরিস্থিতি দীর্ঘদিন ধরে চললেও জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা নেই। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।