প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়নের সাজানো নাটক ফাঁস, চাবি নিয়ে আসামিকে প্রাইভেটকারে তুলে দেন এসআই

0
ঢাকার তাঁতীবাজারে প্রিজন ভ্যান থামিয়ে আসামি 'পিচ্চি রাজা'কে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে দুই পুলিশ সদস্য ও আসামির বোনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ।। ছবি: সংগৃহীত

প্রিজন ভ্যান থেকে আসামি পলায়নের আলোচিত ঘটনায় নতুন মোড় এসেছে এবং এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ৩০ মামলার আসামি ‘পিচ্চি রাজা’ গাজীপুর থেকে নয়, বরং ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে পালিয়েছিলেন বলে তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ। ঘটনাটিতে পুলিশ সদস্যরা সরাসরি জড়িত ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পিচ্চি রাজার বোনসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব চাঞ্চল্যকর তথ্য জানান পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

পুলিশ কমিশনার জানান, তদন্তে দেখা যায়, ২৯ জন আসামি নিয়ে ঢাকা জেলা জজ কোর্ট হতে স্কট পার্টি প্রিজনার ভ্যানে রওনা দিয়ে তাঁতীবাজার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে এসে প্রিজনার ভ্যানটি থামে।

"এসআই প্রবীর রাত সাড়ে ৮টায় মামলার
এজাহারে বর্ণিত ঘটনাস্থলে এসে প্রিজন ভ্যানে উঠে
স্কট পার্টির সদস্যদের নিয়ে
মামলার এজাহারে বর্ণিত ঘটনাটি সাজান।" 
— 
মো. ইসরাইল হাওলাদার,
পুলিশ কমিশনার, গাজীপুর মহানগর পুলিশ

এ সময় স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর বিশ্বাস ড্রাইভার নায়েক কামাল হোসেনের কাছ থেকে প্রিজন ভ্যানের চাবি নিয়ে আসামি পিচ্চি রাজা ও হাজতি আসামি বাশারকে বের করে ভ্যানের সামনের দিকে নিয়ে যান। খাইরুল বাশার প্রিজনার ভ্যানের ড্রাইভারের সিটের পাশে বসে। তবে এ সময় পিচ্চি রাজা ও এসআই প্রবীর প্রিজনার ভ্যানে ওঠেননি। মূলত সেখান থেকেই অপেক্ষমাণ একটি প্রাইভেটকারে চড়ে আসামি পিচ্চি রাজা পালিয়ে যায়।

পরবর্তীতে এসআই প্রবীর রাত সাড়ে ৮টায় মামলার এজাহারে বর্ণিত ঘটনাস্থলে এসে প্রিজন ভ্যানে উঠে স্কট পার্টির সদস্যদের নিয়ে মামলার এজাহারে বর্ণিত ভুয়া ঘটনাটি সাজান।

বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ ও আলামত সংগ্রহের ভিত্তিতে পিচ্চি রাজার বোন তাসলিমা, স্কট লিডার এসআই প্রবীর কুমার ও ড্রাইভার নায়েক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার। তিনি আরও জানান, গ্রেপ্তারের সময় ড্রাইভার কামাল হোসেনের বাড়ি থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এদিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া ৩০ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) আট দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তার পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

দায়িত্বে থাকা পাঁচজনের মধ্যে পিচ্চি রাজাকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে শনিবার দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। বাকি তিন পুলিশ সদস্যকেও কড়া নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।