৩ মাসে সব ডিসি কার্যালয়ে সোলার প্যানেল: ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ লক্ষ্যমাত্রা

আগামী পাঁচ বছরের মধ্যে সোলার প্যানেলের মাধ্যমে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা

0
ডিসি সম্মেলনে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দিচ্ছেন বিদ্যুৎমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে বক্তব্য দেন

লোকসমাজ ডেস্ক: দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে আগামী তিন মাসের মধ্যে সব জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু

মঙ্গলবার (৫ মে) ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে সোলার প্যানেলের মাধ্যমে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনের প্রাথমিক ধাপ হিসেবে ডিসি কার্যালয়গুলোতে দ্রুত সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন দীর্ঘ হওয়ায় কোথাও যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা শনাক্ত করতে সময় লাগে। তবে এসব সমস্যার কারণে সাময়িক বিদ্যুৎ বন্ধ থাকলেও তা প্রকৃত অর্থে লোডশেডিং নয়।

সাম্প্রতিক বিদ্যুৎ বিভ্রাট প্রসঙ্গে মন্ত্রী বলেন, তেলের কোনো সংকট ছিল না; বরং যান্ত্রিক গোলযোগের কারণেই সাময়িক সমস্যা দেখা দেয়। তেলের অভাবে লোডশেডিং হচ্ছে—এমন তথ্য সঠিক নয় বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা মোকাবিলায় জেলা প্রশাসকদের ভূমিকার প্রশংসা করেন।

ডিসি সম্মেলনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে, যাতে তারা স্থানীয় পর্যায়ে সঠিক তথ্য পৌঁছে দিতে পারেন।

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে জেলা প্রশাসকেরা পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান মন্ত্রী।

সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এই পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।