মোবাইল ও ফ্রি ফায়ার গেমসের আইডি কিনতে বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেপ্তার

0
মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কিনতে নিজ বাড়িতে ডাকাতির নাটক সাজানোর অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
লোকসমাজ ডেস্ক ॥ মোবাইল ফোন ও জনপ্রিয় অনলাইন গেম ‘ফ্রি ফায়ার’-এর আইডি কেনার অর্থ সংগ্রহের জন্য নিজ বাড়িতে ডাকাতির নাটক সাজানোর অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ডাকাতির নাটক সাজানো প্রধান কিশোর ও তার দুই বন্ধুকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ আটক করেছে পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) গ্রেপ্তারকৃত তিন কিশোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, শুক্রবার রাতে তাদের আটকের পর এই চাঞ্চল্যকর তথ্য জানতে পারে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী: অষ্টম শ্রেণির শাহরিয়ার, নবম শ্রেণির নাবিল এবং ষষ্ঠ শ্রেণির শাহ আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত এক কিশোরের নতুন মোবাইল কেনা নিয়ে তার পরিবার সন্দেহ প্রকাশ করলে সে টাকার উৎসের কথা জানায়। এরপর স্থানীয়রা তিন কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা এবং ২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, গত ২৪ নভেম্বর রূপগঞ্জের কাঞ্চনে দিনে দুপুরে এক কিশোরের হাত-পা বেঁধে আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগে তার বাবা একটি ডাকাতির মামলা দায়ের করেন।
ওসি নিশ্চিত করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, নতুন মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য অর্থ জোগাড় করতেই তারা বাড়িতে ডাকাতির নাটক সাজিয়েছিল।