জীবননগরে স্যালোমেশিন চালিত অবৈধ যানের চাপায় স্কুলছাত্রী নিহত

0
স্কুলে যাওয়ার পথে বাইসাইকেলে ধাক্কার পর এই স্যালোমেশিন চালিত অবৈধ যানের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রী নিহত হয়।। ছবি: সংগৃহীত

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কালা গ্রামে মাটি বোঝাই স্যালোমেশিন চালিত অবৈধ যানের চাপায় তাসফিয়া ফারিহা (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে এবং এ দুর্ঘটনায় সম্রাট (২৫) নামে এক যুবক আহত হয়েছেন।

নিহত তাসফিয়া ফারিহা প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ও মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের ছটেঙ্গাপাড়ার খবির হোসেনের মেয়ে; আহত সম্রাট একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদ সংলগ্ন স্থানে দুর্ঘটনাটি ঘটে।

শনিবার সকালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কালা মসজিদ সংলগ্ন এলাকায় মাটি বোঝাই অবৈধ যানবাহনের চাপায় স্কুলছাত্রী নিহত হওয়ার পর ঘটনাস্থলে উৎসুক জনতা।। ছবি: সংগৃহীত

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, ফারিহা প্রতিদিনের মতো ওইদিন সকালে সম্রাটের বাইসাইকেলে চড়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে স্কুলে যাচ্ছিল। কালা মসজিদের কাছে পৌঁছালে জীবননগর থেকে আসা মাটি বোঝাই দ্রুতগতির একটি অবৈধ যান ফারিহাকে বহনকারী বাইসাইকেলে ধাক্কা দেয় এবং এতে যানবাহনটির নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে সে নিহত হয়। দুর্ঘটনায় সাইকেল চালক সম্রাটের হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায় সে।

ওসি জানান, ঘটনার পরপরই মাটি বোঝাই অবৈধ যানের চালক ও গাড়িতে থাকা অন্যরা পালিয়ে যায়। অবৈধ যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং চালককে আটক করে আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।