পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা: হাইকোর্টে রায় ঘোষণা শুরু

0
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ঘোষণা শুরু করেছেন হাইকোর্ট বেঞ্চ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর (শিশু হত্যা মামলায়) হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স এবং আপিলের ওপর রায় ঘোষণা শুরু করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় পড়া শুরু করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১৯ মে পল্লবীর একটি বাসার বাথরুমে আট বছরের দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশুটিকে আটকে রেখে ধর্ষণ ও পরে হত্যা করা হয়।

লাশ গুমের উদ্দেশ্যে ছুরি দিয়ে শিশুটির মাথা বিচ্ছিন্ন এবং দুই হাত কাঁধ থেকে অর্ধবিচ্ছিন্ন করা হয় এবং মরদেহ বাথরুমের একটি বালতিতে রেখে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ প্রথমে স্বপ্না খাতুনকে গ্রেপ্তার করে এবং পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে।

আদালতে সোহেল রানা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণা করেন, যেখানে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড এবং যথাক্রমে পাঁচ লাখ ও দুই লাখ টাকা জরিমানা করা হয়।

হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় ওই বিচারিক আদালতের রায় দেওয়া হয়েছিল।

পরবর্তীতে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসার পাশাপাশি আসামিরা জেল আপিল করেন, যার ওপর শুনানি শেষে আজকের দিন ধার্য করা হয়েছিল।

উল্লেখ্য, ভুক্তভোগী শিশুটির পরিবার পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন এবং একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে সাবলেটে থাকতেন আসামি দম্পতি। ১৯ মে সকালে শিশুটিকে কৌশলে নিজেদের ফ্ল্যাটে ডেকে নিয়ে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়।