পরীমনির বিরুদ্ধে মাদক মামলার অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর

0
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিচার শুরু বা অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী গণমাধ্যমকে জানান, ঢাকার বিশেষ জজ আদালত-১০–এর বিচারক রবিউল আলমের আদালতে আজ অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকায় সকাল সাড়ে ১০টার দিকে পরীমনি আদালতে উপস্থিত হন। তবে আদালতে এসে তারা জানতে পারেন যে মামলাটি ঢাকার সিএমএম আদালতে বদলি করা হয়েছে।

পরবর্তীতে সিএমএম আদালতে হাজির হওয়ার পর বিচারক অভিযোগ গঠন শুনানির জন্য ২৩ ডিসেম্বর নতুন দিন ধার্য করেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও পায়ে ব্যথার কারণে পরীমনি উপস্থিত না হওয়ায় শুনানির তারিখ ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনার পর ওই বছরের ৪ আগস্ট পরীমনির বাসায় অভিযান চালিয়ে মদসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধারের কথা জানায় র‍্যাব।

পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে মাদক মামলা দেওয়া হয় এবং এক মাস কারাবাসের পর তিনি মুক্তি পান।

ওই বছরের ৪ অক্টোবর সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন এবং ২০২২ সালের ৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল।

এই মামলায় পরীমনির অপর দুই আসামি হলেন তার ব্যবস্থাপক আশরাফুল ইসলাম দিপু ও খালু কবীর হোসেন হাওলাদার।

মামলার বাদী র‍্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করলেও পরবর্তীতে হাইকোর্টে আবেদন করে পরীমনি মামলার কার্যক্রম স্থগিতের আদেশ নেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম সচল হয় এবং আজ নতুন তারিখ নির্ধারণ করা হলো।