ঝিকরগাছায় ৫ হাজার কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ

0
যশোরের ঝিকরগাছায় রবি মৌসুমে প্রণোদনার আওতায় তালিকাভুক্ত পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার।। ছবি: লোকসমাজ

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় ২৬-২৭ অর্থবছরের আওতায় প্রণোদনার উপকারভোগী তালিকাভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্বরে উপকরণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাইফুল্লাহ।

তিনি অনুষ্ঠানের উদ্বোধনপূর্বক প্রধান অতিথির বক্তব্যে ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে সরকারের কৃষিবান্ধব কর্মসূচির গুরুত্ব তুলে ধরে কৃষিতে সমৃদ্ধি আনার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান এবং কৃষকদের কৃষি বিভাগের পরামর্শ গ্রহণ ও প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করে দ্বিগুণ ফসল উৎপাদনের পরামর্শ দেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. শাহজাহান আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের একান্ত সহকারী তারিক মোহাম্মদ শরীফ এবং প্রেসক্লাব সদস্য এম আর মাসুদ।

অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মো. ফিরোজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ নাঈম হাসান ও কৃষি সম্প্রসারণ অফিসার মো. এহসান হাসান।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে ৪ হাজার ৮ জন সরিষা চাষি এবং ১১০ জন মসুর চাষির মাঝে কৃষকপ্রতি ১ কেজি সরিষা বীজ, ৫ কেজি মসুর বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।