পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

0
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আদালত জানিয়েছে, মৃত্যুদণ্ডই তার উপযুক্ত শাস্তি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার (রামিসা হত্যা মামলা) মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।

আদালত পর্যবেক্ষণে বলেছে, মৃত্যুদণ্ডই তার উপযুক্ত শাস্তি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এর আগে সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত আজকের দিন রায়ের জন্য ধার্য করেছিলেন। এক দিনেই উভয় পক্ষের শুনানি শেষ করে রায়ের দিন নির্ধারণকে দ্রুত বিচারপ্রক্রিয়ার ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী, সৈয়দ ইজাজ কবির ও মেহেদী হাসান, আর আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। অভিযোগ অনুযায়ী, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ খণ্ডবিখণ্ড করে ফ্ল্যাটের শৌচাগারের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা।

পুলিশ ওই বাসা থেকেই তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে এবং একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন এবং তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচার শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন এবং সোহেল রানাকে পাঁচ লাখ ও স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা জরিমানা করেন।

পরবর্তীতে হাইকোর্টে শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি তুলে ধরে মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করে।