অভয়নগরে ভৈরবে গোসল করতে নেমে নিখোঁজ, ড্রেজারের পাখায় মিলল শিশুর মরদেহ

0
অভয়নগরে ভৈরবে গোসল করতে নেমে নিখোঁজ, ড্রেজারের পাখায় মিলল শিশুর মরদেহ
যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর জুনায়েদ গাজীর মরদেহ উদ্ধার হয় বৃহস্পতিবার সকালে- লোকসমাজ

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর), লোকসমা : যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর জুনায়েদ গাজী (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ভৈরব সেতুসংলগ্ন এলাকায় একটি সরকারি ড্রেজারের পাখায় পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জুনায়েদ উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামের শহিদুল গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চাচাতো ভাই ফাহিম (৬)-এর সঙ্গে দক্ষিণ দেয়াপাড়া-পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় ভৈরব নদে গোসল করতে নামে জুনায়েদ। এ সময় নদীর তীব্র স্রোতে সে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বুধবার সন্ধ্যা পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা পুনরায় উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় এক ঘণ্টা তল্লাশির পর সকাল ১০টার দিকে ভৈরব সেতুসংলগ্ন বিআইডব্লিউটিএর একটি ড্রেজারের পাখায় পেঁচানো অবস্থায় জুনায়েদের মরদেহের সন্ধান পাওয়া যায়।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, “দীর্ঘ ২২ ঘণ্টা পর নিখোঁজ শিশু জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়েছে।”