আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

0
আগামী তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রত্যয় তুলে ধরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: পিএমও

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ আগামী তিন বছরের মধ্যে দেশের বিজ্ঞানীদের তৈরি নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে মহাকাশে পাঠানো হবে এবং এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।

লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দুইদিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, স্পারসোর কাজের পাশাপাশি সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে এবং আগামী তিন বছরের মধ্যে নিজ দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠানো হবে। যাঁরা এ নিয়ে কাজ করছেন, তাঁরা সবাই বাংলাদেশের বিজ্ঞানী।

প্রযুক্তিগত বিপ্লবের এই যুগে তরুণ প্রজন্ম যথাযথ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (এসটিইএম) শিক্ষা, গবেষণার সুযোগ, আধুনিক গবেষণাগার ও ইনকিউবেশন সুবিধা পেলে বৈশ্বিক উদ্ভাবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। এ জন্য কার্যকর ও মেধাভিত্তিক ইকোসিস্টেম গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করছে বলে জানান তিনি।

প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় তরুণ উদ্ভাবকদের তৈরি বিভিন্ন প্রকল্পের সামনে অতিথি ও অংশগ্রহণকারীরা।। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিই আগামী বিশ্বকে নেতৃত্ব দেবে। ফলে এ খাতে পিছিয়ে থাকার অর্থ নিজেকে ও দেশকে পিছিয়ে রাখা। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের এখন থেকেই যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। শুধু বিমান চালনা বা পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে উপযুক্ত পরিবেশ ও সহযোগিতা পেলে বাংলাদেশের তরুণেরা একদিন আকাশ জয় করতে সক্ষম হবে বলে মন্তব্য করেন তিনি।

এভিয়েশন ও অ্যারোস্পেসকে মানবজাতির জ্ঞান, উদ্ভাবনী শক্তি, সাহস ও সুদূরপ্রসারী স্বপ্নের প্রতিফলন উল্লেখ করে তারেক রহমান বলেন, এভিয়েশন আকাশপথে চলাচলের সুযোগ তৈরি করে, আর অ্যারোস্পেস পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে মহাকাশের অসীম সম্ভাবনার দ্বার উন্মোচন করে।

সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে দেশের একমাত্র অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমান বিশ্বে এভিয়েশন কেবল যাতায়াতের মাধ্যম নয়; বরং আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন, চিকিৎসা ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটনশিল্পের বিকাশের কারণে এ খাতের সম্ভাবনা আরও বেড়েছে।

তরুণ প্রজন্মকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং প্রযুক্তির উদ্ভাবক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে নতুন কিছু উদ্ভাবন, প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করা ও অসম্ভবকে সম্ভব করার সম্ভাবনা রয়েছে। এ জন্য আত্মবিশ্বাস, সাহস ও দৃঢ় প্রত্যয় প্রয়োজন।

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য অতিথিরা।। ছবি: পিএমও

গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে উদ্ভাবনের সাহস দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থের অভাব যেন বাধা না হয়ে দাঁড়ায়, সে জন্য সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। সঠিকভাবে এ অর্থ ব্যবহারের পর প্রয়োজন হলে সরকার আরও অর্থ বরাদ্দ দেবে বলেও আশ্বাস দেন তিনি।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্ভাবনগুলো বাস্তব জীবনে প্রয়োগের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব উদ্ভাবন কীভাবে যোগাযোগব্যবস্থাকে গতিশীল করতে পারে, কৃষিকাজে সহায়তা করতে পারে এবং দুর্যোগ মোকাবিলায় ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যেতে হবে।

এ ধরনের প্রতিযোগিতা নিজস্ব অ্যারোস্পেস প্রযুক্তি ও গবেষণার বিকাশে সহায়ক হবে এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তরুণদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব এবং নতুন শিল্পের বিকাশের মাধ্যমে দেশ বিশ্ব দরবারে সম্মানজনক অবস্থান তৈরি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় তরুণ উদ্ভাবকদের নিয়ে গঠিত ৭৪টি দল ও ২৯৬ জন অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন। ফিক্সড-উইং ইউএভি, রোটরক্রাফট, স্পেস রোবোটিক্স এবং সকার বট—এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।