পদ্মার পানি কমছে, দৌলতপুরে বন্যা পরিস্থিতির উন্নতি

0
পদ্মার পানি কমছে, দৌলতপুরে বন্যা পরিস্থিতির উন্নতি

লোকসমাজ ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কয়েকদিন আগেও পানি বৃদ্ধি পেয়ে উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে।

পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্যমতে, পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ সেন্টিমিটার। যা বিপৎসীমার ৯৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যার কারণে উপজেলার ৩০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে সাময়িকভাবে পাঠদান বন্ধ রাখা হয়েছিল। পানি কমতে শুরু করলেও দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ এখনো পুরোপুরি কাটেনি।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, উজান থেকে নেমে আসা ঢল এবং টানা বৃষ্টির কারণে পদ্মার পানি দ্রুত বৃদ্ধি পেয়েছিল। তবে গত কয়েকদিন ধরে পানি কমতে শুরু করেছে। ইতোমধ্যে নদীর পানি ২৬ সেন্টিমিটার নেমেছে।

কর্মকর্তারা আশা করছেন, পানি হ্রাসের এ ধারা অব্যাহত থাকলে খুব দ্রুতই বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।