সরকারি কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকে কার্যকর হচ্ছে বর্ধিত মূল বেতন

0
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। ১ জুলাই থেকে তিন ধাপে মূল বেতন বৃদ্ধি কার্যকর হবে এবং ২০২৮ সাল থেকে নতুন সব ভাতা পাওয়া যাবে।। ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। আজ প্রকাশিত এ প্রজ্ঞাপনটি ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে অভিহিত করা হয়েছে। এর মাধ্যমে দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন বেতনকাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার পথ সুগম হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩টি ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি কার্যকর হবে। প্রথম ধাপে চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোর বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন, যা গত ৩০ জুনের আহরিত বেতনের সঙ্গে যুক্ত হবে।

দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৭৫ শতাংশ পাবেন। পরিশেষে, ২০২৭ সালের ১ জুলাই থেকে বর্ধিত বেতনের শতভাগ কার্যকর হবে। যেহেতু গত ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামো কার্যকর ধরা হয়েছে, তাই সরকারি চাকরিজীবীরা নির্ধারিত হারের বকেয়া বেতনও পাবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতনকাঠামোর অন্যান্য যাবতীয় ভাতা পেতে শুরু করবেন। একইভাবে অবসরপ্রাপ্ত পেনশন সুবিধাভোগীরাও নতুন বেতনকাঠামোর আলোকে যাবতীয় সুবিধা ভোগ করবেন।

নতুন কাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ এবং ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়বে। সেই অনুযায়ী আনুপাতিক হারে ভাতাসমূহও সমন্বয় করা হবে।

এর আগে গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন এই বেতনকাঠামো অনুমোদন লাভ করে। পরবর্তীতে প্রজ্ঞাপন বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে প্রধান করে গঠিত ১০ সদস্যের কমিটি তাদের কাজ শেষ করে।

উল্লেখযোগ্য যে, অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করেছিল। উক্ত কমিশনচলতি বছরের ২১ জানুয়ারি তাদের সুপারিশ দাখিল করে।