কলকাতার হোটেলে আগুনে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের ৪ জনের মৃত্যু

নিহত দেবাশীষ দত্ত দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করছিলেন।

0
কুষ্টিয়ার সাংবাদিকসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু
সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শিম্মিন ও ছেলে শর্ণশীষ দত্ত। ফাইল ফটো- লোকসমাজ

লোকসমাজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট সংলগ্ন একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৯) ও তার পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহত অন্যরা হলেন তার স্ত্রী আফসানা শিম্মিন (২৯), তিন বছর বয়সী ছেলে শর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম হোসেন (৬৪)।

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত প্রায় ২টার দিকে নিউ মার্কেটের পার্শ্ববর্তী মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে হোটেলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন অতিথি হতাহত হন।

নিহত দেবাশীষ দত্ত দৈনিক আজকের পত্রিকাচ্যানেল নাইন-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করছিলেন।

দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসার উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে কলকাতায় অবস্থান করছিলেন দেবাশীষ দত্ত। দুর্ভাগ্যজনক এ অগ্নিকাণ্ডে তিনি ও তার পরিবারের সদস্যরা প্রাণ হারান।

ঘটনার খবর কুষ্টিয়ায় পৌঁছানোর পর সাংবাদিক মহল, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবার-স্বজনদের মধ্যে চলছে গভীর শোক ও আহাজারি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এ অগ্নিকাণ্ডে ৮ জন বাংলাদেশিসহ মোট ৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।