নড়াইলে পুলিশকে পিটিয়ে অস্ত্র-মাদক মামলার আসামি ছিনতাই

0

নড়াইল সংবাদদাতা, লোকসমাজ : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুটিমারী বাজার এলাকায় পুলিশকে মারধর করে অস্ত্র ও মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২৩ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ভাঙা হাতকড়া উদ্ধার করা হয়েছে।

ছিনিয়ে নেওয়া আসামি এসকেন শেখ (৩৫) পুটিমারী গ্রামের বাবলু শেখের ছেলে। তার বিরুদ্ধে একটি অস্ত্র ও নয়টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নড়াগাতী থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ও এসআই হাসান পুটিমারী এলাকা থেকে এসকেন শেখকে গ্রেপ্তার করেন। পরে তাকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার সময় তার বাবা বাবলু শেখ, ভাই নয়ন শেখ ও সজল শেখসহ কয়েকজন পুলিশের ওপর হামলা চালিয়ে এসকেনকে ছিনিয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় এসআই মুরাদ হোসেনের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করা হয়। আহত পুলিশ কর্মকর্তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, পুটিমারী ঈদগাহের সামনে থেকে ভাঙা হাতকড়াটি উদ্ধার করা হয়েছে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত এসকেন শেখকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ওসি আরও জানান, এ ঘটনায় ২৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।