বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন, রাতে সার্চলাইটে নজরদারি

0
সীমান্তে বাড়তি সতর্কতার অংশ হিসেবে রাতে সার্চলাইটের আলোয় বেনাপোল সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে।। ছবি: ভিডিও থেকে নেওয়া

আসিফুল হাসান, অনলাইন রিপোর্টার॥ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও ফেরারি আসামিরা যাতে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে ঢুকতে না পারেন, সে জন্য নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার দুপুরে ভারতের পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার ঘোরাফেরার গুঞ্জন ওঠার পর থেকে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, রাতে সীমান্ত এলাকায় সার্চলাইট দিয়ে নজরদারি চালানো হচ্ছে এবং চেকপোস্ট এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব অংশে কাঁটাতারের বেড়া নেই, সেসব এলাকায় টহল বাড়ানো হয়েছে।

রোববার সন্ধ্যায় বিজিবির একটি দল বেনাপোল সীমান্ত এলাকায় টহল দিয়েছে। পাশাপাশি সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বেনাপোল সীমান্ত এলাকায় যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) ব্যারিকেড ও দায়িত্বরত বিজিবি সদস্যরা।। ছবি: ভিডিও থেকে নেওয়া

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান সংবাদমাধ্যমকে জানান, কোনো নিষিদ্ধ রাজনৈতিক দলের ফেরারি আসামিরা ভারতের পেট্রাপোলে ঘোরাফেরা করছে বলে তাঁরাও শুনেছেন। ফেরারি আসামিদের সীমান্তে রুখে দিতে আগে থেকেই নজরদারি ও নিরাপত্তা জোরদার ছিল এবং রোববার দুপুরের পর থেকে তা আরও বাড়ানো হয়েছে।

সীমান্তের অপরাধ নিয়ন্ত্রণে এলাকাবাসী ও সচেতন মহলের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন এই কর্মকর্তা। সীমান্তে কোনো অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এর আগে রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সে সময় সাংবাদিকদের তিনি বলেন, ডিসেম্বর মাসে বিতর্কিত কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে।