খুলনায় প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

মোটরসাইকেলে এসে হামলা দুর্বৃত্তদের

0
খুলনায় প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর দৌলতপুর থানার কুলিবাগান মোড়ে জলিল মুন্সি (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার দিলু মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টার দিকে একটি মোটরসাইকেলে করে আসা তিনজন অজ্ঞাত দুর্বৃত্ত জলিল মুন্সিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বুকের ডান পাশে ও পিঠের বাম পাশে গুলি লাগে।

খুলনায় প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা
খুলনায় দুর্বৃত্তদের প্রকাশ্য গুলিতে নিহত জলিল মুন্সি- লোকসমাজ

গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে জলিলকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৮টা ৩৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।