ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি

0
মানহানির মামলায় হাজিরা না দেওয়ায় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন দিল্লির সাকেত আদালতের বিচারক; আগামী ৩ ডিসেম্বর পরবর্তী শুনানি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ ভারতের আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠি-র বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন দিল্লির সাকেত আদালতের বিচারক। আজ সোমবার ডিউটি ম্যাজিস্ট্রেট তথা ফার্স্টক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনাম রইস খান এই নির্দেশ দেন।

এর আগে আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হলেও তিনি সাড়া দেননি; গত অক্টোবরে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা না দেওয়ায় এবার এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো। মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর।

২০১৮ সালের মে মাসে ধ্রুব রাঠির বিরুদ্ধে এই ফৌজদারি মানহানির মামলাটি দায়ের করেছিলেন বিকাশ সংকৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডে নামের এক ব্যক্তি। নিজেকে রাজনৈতিক স্বেচ্ছাসেবক হিসেবে পরিচয় দেওয়া এই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এবং ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ নামে একটি পেজ পরিচালনা করেন।

তাঁর অভিযোগ, ২০১৮ সালে ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে ‘বিজেপি আইটি সেল পার্ট টু’ শিরোনামে প্রকাশিত এক ভিডিওতে তাঁকে অসম্মান করা হয়েছে এবং বিজেপির আইটি সেলের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করা হয়েছে।

ওই ভিডিওতে ধ্রুব বলেছিলেন, তাঁকে কালিমালিপ্ত করতে বিজেপির আইটি সেল বিকাশ পান্ডেকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল। তবে বিকাশের দাবি, তাঁর বিরুদ্ধে আনা সব তথ্যই মিথ্যা ও দুরভিসন্ধিমূলক, যা তাঁর সম্মানহানি ঘটিয়েছে।

মামলার সূত্র ধরে ২০১৯ সালের জুলাই মাসে সাকেত আদালত প্রথমবার ধ্রুব রাঠিকে সমন পাঠায়, কিন্তু তখন তিনি অস্ট্রিয়ায় অবস্থান করায় আইনি প্রক্রিয়ায় বিলম্ব হয়। ভারতের নাগরিক হলেও ধ্রুব রাঠি বেশির ভাগ সময় জার্মানিতে থাকেন, ফলে দীর্ঘদিন মামলাটির কার্যক্রম স্থবির হয়ে ছিল।

চলতি বছরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনে অংশ নিতে ভারতে আসেন ধ্রুব রাঠি। এসআইআরের মাধ্যমে ভোট চুরির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রথমে বেঙ্গালুরুতে সিজেপির বিক্ষোভ সমাবেশে যোগ দেন তিনি।

পরে একই দাবিতে সিজেপির ‘যন্তর মন্তর টু’ কর্মসূচিতে অংশ নিতে দিল্লিতে যান। ১০ অক্টোবর সমাবেশ শুরুর আগেই দিল্লি সংলগ্ন হরিয়ানার গুরগ্রামে তাঁর বাসা থেকে সতর্কতামূলকভাবে তাঁকে ২০ ঘণ্টা আটকে রাখা হয়, যদিও তাঁকে গ্রেপ্তার করা হয়নি।

এরপর ধ্রুব রাঠি ভারত ছেড়ে যান এবং লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে প্রবাসী ভারতীয়দের ভারত সরকারবিরোধী এক সমাবেশে অংশ নিয়ে ভাষণ দেন।

সেই সময় গুরগ্রামের ঠিকানায় সমন নিয়ে গেলে তাঁকে পাওয়া যায়নি; গত ১৭ অক্টোবর তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়েছিল। শেষ পর্যন্ত হাজিরা না দেওয়ায় আজ জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ এল।